রাজনৈতিক বিরোধিতা যেন স্বৈরাচার ফিরে আসার পথ তৈরি না করে, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক চর্চা, গঠনমূলক সমালোচনা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত ওসমানী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের দায়িত্ব হলো যুক্তি ও আলোচনার মাধ্যমে জনগণের কল্যাণে সিদ্ধান্ত গ্রহণ করা। কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার মতো মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারের সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, উন্নয়নকাজের পাশাপাশি গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। হাসপাতাল, সরকারি আবাসিক এলাকা ও জনসাধারণের ব্যবহৃত স্থান পরিচ্ছন্ন রাখতেও সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহারিয়ার খান আনাস ও ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং আধুনিকায়িত ওসমানী উদ্যান পরিদর্শন করেন।
প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত ৯০ ফুট উঁচু স্মৃতিস্তম্ভে ৮৩৪ জন শহীদের নাম খোদাই করা হয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন ও সংগ্রামের স্মৃতি তুলে ধরা হয়েছে।
২৩ একর আয়তনের ওসমানী উদ্যান আধুনিকায়নের আওতায় জলাশয় সংস্কার, নতুন জলাশয় নির্মাণ, বৃক্ষরোপণ, হাঁটার পথ, ব্যায়ামাগার ও অন্যান্য নাগরিক সুবিধা যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।