রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : / ২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক বিভাজন, গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিগত স্বার্থের সংঘাতের বাইরে রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয় হলেও তা কোনোভাবেই পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে না। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মিলনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ কেবল একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব পালন করেন না; বরং তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব ও ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক। তাঁর যোগ্য নেতৃত্ব, দূরদর্শিতা ও সঠিক সিদ্ধান্তের ওপর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি অনেকাংশে নির্ভরশীল।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের শহর ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তবে প্রতিষ্ঠানের সংখ্যা ও শিক্ষার্থী বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে মূল্যায়ন ও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, অতীতের শাসনামলে শিক্ষাব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ করছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কলেজ অধ্যক্ষদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং শিক্ষার্থী ও গবেষণাকেন্দ্রিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি সতর্ক করে বলেন, শুধু সনদ অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হবে না। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ব্যবহারিক, কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। অন্যথায় শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও বেকারত্বের সমস্যার সমাধান হবে না।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, অটোমেশন, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জির মতো প্রযুক্তি বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ধরন পরিবর্তন করছে। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক পাঠদান পদ্ধতি থেকে বেরিয়ে এসে উদ্ভাবন, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে।

শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করতে ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং হাতে-কলমে কাজ শেখার সুযোগ বাড়াতে হবে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার সময় থেকেই প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।

শিক্ষার সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ, নেতৃত্ব এবং মানবিক গুণাবলি বিকাশে সহায়ক।

আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মান ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের কথা বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ক্যারিয়ার কাউন্সেলিং, ভাষা ক্লাব, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসন, শূন্য পদ পূরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কলেজ ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণের নির্দেশনা দেন। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে। এ কার্যক্রম আরও এগিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতেও কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে জ্ঞান, দক্ষতা, মানবিকতা ও আত্মনির্ভরশীলতার সমন্বয়ে দেশ বিশ্বদরবারে সম্মানজনক অবস্থান অর্জন করবে।অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।এর আগে সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শীর্ষক একটি অ্যাপের তথ্যচিত্রও প্রকাশ করা হয়। অ্যাপটিতে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি নির্দেশনা, প্রয়োজনীয় পণ্যের মূল্য, যাতায়াত, স্বাস্থ্যসতর্কতা এবং সরকারি সেবাসংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।এ ছাড়া বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ। উচ্চশিক্ষার মান বৃদ্ধি, কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাই ছিল এ সম্মিলনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর