দেশের শিক্ষার্থীদের, বিশেষ করে মেধাবী ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বিদ্যালয়ে যাতায়াত সহজ করার লক্ষ্যে তিন লাখ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় বিতরণের জন্য প্রস্তুত করা বিভিন্ন ধরনের বাইসাইকেল নিজে চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। এ সময় সাইকেলগুলোর গুণগত মান, চালানোর সুবিধা ও ব্যবহারিক দিকগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্রীদের জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে একটি করে বাইসাইকেল বিতরণ করা হবে। সব মিলিয়ে উপকৃত হবে তিন লাখ ছাত্রী। সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিভিন্ন কারণে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার প্রবণতা কমিয়ে আনা। পাশাপাশি ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বাইসাইকেল পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, নারীশিক্ষার প্রসার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।