দেশের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, গ্রামীণ যোগাযোগ অবকাঠামো, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব খাতের উন্নয়নে মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।
সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নে সরকারি কোষাগার থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
একনেকের সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি সম্পূর্ণ নতুন। বাকি চারটি প্রকল্পের সংশোধনী এবং একটি প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ
বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বৃদ্ধি এবং বিতরণ নেটওয়ার্ককে আধুনিক করার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এসব উদ্যোগ বাস্তবায়ন করবে।
চিকিৎসা অবকাঠামো সম্প্রসারণে গুরুত্ব
স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি রোগের পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন করা হয়েছে। পাশাপাশি জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণের উদ্যোগও অনুমোদন পেয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
গ্রামীণ জনপদের যোগাযোগ সুবিধা বাড়াতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর আওতায় পাবনা, চট্টগ্রাম ও কক্সবাজার এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন করা হবে।
এ ছাড়া গ্রামীণ মাটির রাস্তা দীর্ঘস্থায়ী ও ব্যবহার উপযোগী করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে সড়ক নির্মাণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।
কক্সবাজারে উপকূলীয় বাঁধ পুনর্বাসন
উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বন্যার ঝুঁকি কমানো এবং পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বেড়িবাঁধ পুনর্বাসনের একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক। প্রকল্পের আওতায় উপকূলীয় বেড়িবাঁধের ৬৪/২এ ও ৬৪/২বি অংশের সংস্কার ও পুনর্বাসন করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাত প্রকল্প
এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয় নির্ধারিত আরও সাতটি প্রকল্পের বিষয়েও একনেকের সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্পে এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন রয়েছে।প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা দূরীকরণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দ্বিতীয় সংশোধনী। পাশাপাশি বন্যা-পরবর্তী পুনর্গঠন ও জরুরি সহায়তা কার্যক্রম (এফআরইএপি) এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সঙ্গনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ রয়েছে।এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, দেশের অভ্যন্তরীণ মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির আধুনিকায়ন, ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি) শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রকল্পও এ তালিকায় রয়েছে।সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ, চিকিৎসা, যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এসব প্রকল্পের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের প্রত্যাশা করা হচ্ছে।