খুলনার ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের দুই জন আহত হয়েছেন। উপজেলার শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন গত ৪ জানুয়ারি সকালে ইমাম পরিষদের সদস্য মোশারাফ হোসেন কে পানি সেচ কাজে বাঁধা দেয় স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হামলা পাল্টা হামলা ঘটে।এরপর স্থানীয়রা আহত মোশারাফ কে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য মফিজুল গাজীও আহত হন এবং ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দরা মঙ্গলবার দুপুরে ন্যায় বিচারের দাবিতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন। ঘটনা প্রসঙ্গে উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ জানান, ইমাম পরিষদের সদস্য মোশারাফের উপর হামলার ঘটনায় ইউপি সদস্য মফিজুল কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছি। এ সময় উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, মাওলানা মনিরুল ইসলাম,শরীফ আহম্মেদ, হাফেজ শহিদুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মাহফুজুর রহমান, অলিউল্লাহ রহমান, মাওলানা মুজাহিদুর রহমান, হাফেজ মিজানুর রহমান, আবুল বাসার সহ অনেকে।