সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। আইনগুলোকে আরও কার্যকর, সময়োপযোগী ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক এবং সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
বুধবার রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে সরকার কাজ করছে। আইন সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে এ ক্ষেত্রে ইতিবাচক ও কার্যকর পরিবর্তন দেখা যাবে।
এদিকে ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী। বুধবার রাতে তিনি জেলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপসহ মোট নয়টি মন্দির পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত আনন্দের বিষয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
পূজা উদযাপন কমিটির নেতাদের বরাত দিয়ে তিনি আরও জানান, এবারের পূজায় ভোলার কোথাও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শুধু সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশার মানুষই নন, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে কেউ অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার করা হবে।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।
তিনি বলেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সম্ভব হওয়ায় জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।