ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাতজন মেধাবী শিক্ষার্থী মহাকাশে মানব বসতি স্থাপন বিষয়ক গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে খুলনা আর্ট একাডেমি।বিশ্বব্যাপী মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নাসা, স্পেসএক্স এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা। সেই অনুপ্রেরণায় শিক্ষার্থীরা চাঁদে সম্ভাব্য মানব বসতি নিয়ে Stellar Haven: A Vision of Harmony, Health, and Progress শিরোনামে গবেষণাপত্র প্রণয়ন করে। ১৯৩টি দেশের অংশগ্রহণে বাংলাদেশ থেকে দশম গ্রেড বিভাগে তারা প্রথম স্থান অধিকার করে।গবেষণায় অংশ নেয় খাজা আতিফ আবিদ, মোঃ তসলিমউদ্দিন ভুইঞা, আরেফিন সিদ্দিকী, ওমর ফারুক আল সাবিত, তাওফিক আহমেদ, তাছলিম আহমেদ ও মোঃ মুন্তাছির রহমান বিশ্বাস। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী এবং নিজস্ব উদ্যোগে গবেষণাটি সম্পন্ন করে। গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল অক্সিজেন উৎপাদন, মহাজাগতিক রশ্মি থেকে সুরক্ষা, ওজনহীনতার প্রভাব, নিয়ন্ত্রিত খাদ্য উৎপাদন ও মানসিক স্বাস্থ্য বিশ্লেষণসহ চাঁদে টেকসই আবাসন পরিকল্পনা।উল্লেখ্য, তারা বিজ্ঞান বিভাগের উচ্চতর ও সাধারণ গণিত অধ্যয়ন করছে সহকারী শিক্ষক দিব্যেন্দু কুমার পালের তত্ত্বাবধানে। সম্মানিত শিক্ষক দিব্যেন্দু কুমার পাল খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য, চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ঘনিষ্ঠজন; তিনিই এই সাফল্যের সংবাদ মিলন বিশ্বাসকে জানান।খবরটি পেয়ে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীদের, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের গবেষণায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানিয়ে বলা হয়, ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য অর্জন করে দেশের সুনাম বিশ্বদরবারে উজ্জ্বল করবে।