মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি দলের প্রতিষ্ঠাতা ও পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধের পথে রওনা দেন।নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয়। সে অনুযায়ী বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। পুরো প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়।তিনি আরও জানান, আগের দিন বৃহস্পতিবার স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।