রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে পারেনি বিক্ষুব্ধ জনতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এ সময় দুই শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয়েছে তিন জন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভুয়া-ভুয়াসহ একাধিক স্লোগান দেন।সরেজমিনে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনরত কিছু ছাত্রজনতা হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে বিকাল থেকে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নেন। সর্বশেষ তথ্য থেকে জানাযায় , আন্দোলনকারীরা বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের বেরিক্যাডের সামনে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ ব্যারিকেডের উপরে ওঠে নানা স্লোগান দিচ্ছেন। এদিকে রাজধানীর বঙ্গভবনের সামনে পুলিশের গুলিতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- ফয়সাল আহম্মেদ বিশাল(২৪) ও শফিকুল ইসলাম (৪৫) ও সাউন্ড গ্রেনেডে আহত আরিফ (২০)।