মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে। এদিকে মমতাজ কে গ্রেফতারের পরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি কি ভাবে এত দিন লুকিয়ে ছিলেন? পুলিশ কেন তাকে খুঁজেনি। তবে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও জানান, তার বিরুদ্ধে জুলাই হত্যার অভিযোগে মামলা আছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। আজ বিকালে আদালতে রিমান্ড শুনানি হবে।তার বিরুদ্ধে মানিকগঞ্জে অন্তত দুটি মামলার খবর পাওয়া গেছে। এরমধ্যে একটি হত্যা ও অপরটি বাড়িঘরে হামলার অভিযোগে মামলা।পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল গ্রামে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৪ জন নিহত হন।এ সময় মমতাজ বেগম আওয়ামী লীগের কোটায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ওই ঘটনায় নিহত নিজামুদ্দিনের বাবা মজনু মোল্লার গত ২৪ অক্টোবর দায়ের করা মামলায় মমতাজ বেগমকে আসামি করা হয়।এদিকে গত ২০২২ সালের ৩১ মে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আন্দারমানিক গ্রামে বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনার রশিদ মুন্নুর সাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় দেলোয়ার হোসেন গত অক্টোবর মাসে বাদি হয়ে মামলা দায়ের করেন।উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে টিকিট পান তিনি। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন এ কণ্ঠশিল্পী। এর আগে, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্যদিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।