পিরোজপুর জেলার ইন্দুরকানীতে হঠাৎ করে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এত বেশি ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ নিয়ে গত ৭২ ঘন্টায় ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
ইন্দুরকানীতে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিন। শুকনো মৌসুমে খাবার পানির সংকট আরো বেড়ে গেলেই ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়, কিন্তু গত কয়েক দিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। পানি সংকটের কারণেই পুকুর নদী ও খালের পানি পান করায় এই ডায়রিয়ার উদ্ভব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়। শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ ননী গোপাল রায় নিজেই ওয়ার্ডে গিয়ে রোগী দেখেছেন।
তিনি বলেন- এই হাসপাতালে মাত্র দুইজন ডাক্তার আছেন, তারা আর সামাল দিতে পারছেন না। বাধ্য হয়ে দাপ্তরিক কাজ রেখে আমি নিজেই ওয়ার্ডে এসে রোগী দেখছি, নাইট ডিউটিও করছি।
ডাঃ ননী গোপাল রায় বলেন- পানির সমস্যার কারণে ডায়রিয়া রোগী বেড়েছে এবং আমার এ হাসপাতালে জরুরী ভাবে আরো কয়েকজন ডাক্তার প্রয়োজন।