যশোরের কেশবপুরে পেশাগত দায়িত্ব পালনের জের ধরে রাজীব চৌধুরী নামে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত শনিবার কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সংবাদকর্মী।অভিযোগ সূত্রে জানা গেছে, রাজীব চৌধুরী কেশবপুর নিউজক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় ‘দৈনিক নবচেতনা’ পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৮ মে শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি সাতবাড়িয়া গ্রামস্থ নিজ বাড়িতে অবস্থানকালে মাহমুদা সুলতানা রেশমা (৩২) নামের এক নারী তাকে মোবাইল ফোনে কল করেন। ওই নারী বিবাদী সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে দাবি করেন যে, তার নামে নিউজ করা হয়েছে।রাজীব চৌধুরী ওই নারীর নামে কোনো সংবাদ পরিবেশন করেননি বলে বারবার নিশ্চিত করা সত্ত্বেও বিবাদী কোনো কুচক্রী মহলের ইন্ধনে তাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন। সাংবাদিক রাজীব এর প্রতিবাদ করলে ওই নারী আরও ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং ভবিষ্যতে মিথ্যা মামলায় জড়িয়ে বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতি করার হুমকি দিয়ে ফোন কেটে দেন।ভুক্তভোগী সাংবাদিক রাজীব চৌধুরী বলেন, “আমি বিবাদীকে বারবার বলেছি যে তার নামে কোনো নিউজ হয়নি। কিন্তু তিনি কারো প্ররোচনায় আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং আমার কলম স্তব্ধ করতে এই হুমকি দিয়েছেন। ফোনে দেওয়া হুমকির রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে অবহিত করার পর থানায় অভিযোগ দাখিল করা হয়। উক্ত বিষয়ে মাহমুদা সুলতানা রেশমা এর বক্তব্য নেবার জন্য তার মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে একজন দায়িত্বশীল সংবাদকর্মীকে এভাবে হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

ইমরান হোসেন যশোর জেলা প্রতিনিধি:যশোরের কেশবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং সম্মানজনক আচরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ, বিসিডিএস সদস্য মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন (এসকেএস ফার্মাসিটিক্যাল), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (বিকন ফার্মাসিউটিক্যাল), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল (এরিস্টোফার্মা)সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ফারিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (বিকন ফার্মাসিউটিক্যাল)।সভাপতির বক্তব্যে উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। অথচ নানা প্রতিকূল পরিবেশে তাদের কাজ করতে হয়। পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, “দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অপরিসীম। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। তাদের সঙ্গে যেকোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মানববন্ধনে বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষায় সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।