বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। তবে এর আগে, গত বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ বিষয়ে ব্যারিস্টার পার্থ বলেন, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে। তবে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি।এখন কী করবেন জানতে চাইলে তিনি বলেন, আমি আইনের মানুষ। আইন আমার পেশা। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে। ধারণা করা হচ্ছে, শেখ হেলালের কন্যা হওয়ার কারণেই শেখ শাইরার গতি রোধ করা হয়। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন।উল্লেখ্য, শেখ শাইরা শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচিত হন।