আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিদেশগামী কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রমও চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে পাঠানোর লক্ষ্য রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হলে তারা যেমন ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন, তেমনি দেশের অর্থনীতিও উপকৃত হবে। এ ছাড়া আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কর্মস্থলে সততা, নিষ্ঠা ও পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিদেশে বাংলাদেশিদের কাজ ও আচরণের মধ্য দিয়েই দেশের ভাবমূর্তি তুলে ধরা হয় বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে স্বচ্ছ ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রায় আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে কর্মসংস্থান প্রত্যাশীদের মধ্যে। সরকারের এই উদ্যোগ সফল হলে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।