মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এসকে গ্রুপ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিনিয়োগ প্রস্তাব তুলে ধরেন দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিরা।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ও বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। তাদের মতে, দক্ষিণ কোরিয়ার উলসান শহরের মতো মাতারবাড়ীকেও একটি আধুনিক জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে তাদের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।
এ সময় এসকে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেন। পাশাপাশি দেশের বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে নিজেদের আগ্রহ ও আন্তরিকতার কথা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মাতারবাড়ীতে এ ধরনের জ্বালানি অবকাঠামো গড়ে উঠলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, আমদানি ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে আঞ্চলিক জ্বালানি বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।