প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। উল্লেখ্য, এর আগে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির নেতারা।
রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী ও এনসিপি নেতাদের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।