দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আন্তর্জাতিক বাজারে আরও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার। এ খাতকে ধীরে ধীরে রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতির প্রয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। উৎপাদন বৃদ্ধি, গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে এ খাতকে আরও আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে।সপ্তাহটি উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অংশগ্রহণে ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে।অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংশ্লিষ্টদের মতে, প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানির নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে এ খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।