দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।আইজিপি বলেন, পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক ও আন্তরিক থাকতে হবে।তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াক্ষেত্রে ভালো ফল অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্ব দেন তিনি।অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। এ সময় শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ ছাড়া অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।