ধারাবাহিকতা বজায় রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় আইনজীবী সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বঙ্গভবনে আজ দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা দেশের বিচারব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে পর্যাপ্ত বিচারক না থাকায় মামলার সংখ্যা বৃদ্ধি ও দীর্ঘসূত্রতা, পাশাপাশি আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তাঁরা।উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এ সময় আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।আলোচনায় রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের নানা পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা, সাহসী ভূমিকা ও আন্তরিকতার কথা স্মরণ করেন তিনি।জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।তিনি বলেন, গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়; এর স্থায়িত্ব নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি উল্লেখ করেন, স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখাও জরুরি; কোনো ধরনের দূরত্ব বা বিরোধ তৈরি হওয়া উচিত নয়।আইনজীবীদের পেশাগত দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে আইনজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তাই পেশাদারিত্ব, নৈতিকতা এবং মানুষের প্রতি সেবার মনোভাব বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে তাঁদের দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।এ সময় হিংসা, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে আইনের শাসনের প্রতি বেগম খালেদা জিয়ার অবস্থানের প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে তাদের কোনো অপচেষ্টা সফল হবে না।রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইনজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল, সংযত ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।