নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে সারাদেশে মোট ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসব ঘটনায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। এ সময় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের তথ্যও তুলে ধরেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে উপদেষ্টা বলেন, ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল ঘিরে এ সময়ে মোট ৭২টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।তিনি বলেন, সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এ ধরনের কর্মসূচি ও ঝটিকা মিছিল আইনবিরোধী। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা ও গ্রেপ্তারের কার্যক্রম পরিচালনা করছে।পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা জানান, পুলিশের স্থাপনায় চারটি হামলা, পুলিশের গাড়িতে ২৮টি অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সংক্রান্ত ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশের তথ্য অনুযায়ী, ব্যাংকটির বিভিন্ন শাখাকে কেন্দ্র করে ৩৪টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ২৩টি অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আটটি মামলা, ১৯টি জিডি হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশের নথির বাইরে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ ধরনের ৭২টি ঘটনার খবর পাওয়া গেছে। এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলার দাবি করেছেন। অন্যদিকে, জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিএনপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত দলটির চারজন নেতাকর্মী নিহত হয়েছেন। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিকল্পিত হামলা অত্যন্ত গুরুতর অপরাধ। এ ধরনের সহিংসতার নিন্দা জানান তিনি। গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি ১০ দিনের চক্রে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে।তিনি আরও জানান, গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জলশক্তিমন্ত্রীকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সে বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। বিষয়টি নিয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা চলছে।তিনি দাবি করেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের বড় ধরনের বসতি নেই। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের কিছু মূলধারার গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপতথ্য প্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ ধরনের প্রচারণা দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি ভারতীয় গণমাধ্যম ও সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তবে নড়াইলে আওয়ামী লীগ-সমর্থিত কিছু ব্যক্তির বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি। এসব ফৌজদারি অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা এবং বিজিবির প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা বলেন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা বিজিবির নিয়মিত দায়িত্ব। ডিসেম্বরকে সামনে রেখে পলাতক নেতাকর্মীদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে সীমান্তে সতর্কতা বজায় রাখা হচ্ছে। কোনো অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে আটক করে আইনের আওতায় আনার বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে বলে জানান তিনি।কাশিয়ানীতে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার তদন্ত গোপালগঞ্জের কাশিয়ানীতে চারটি হিন্দু বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, প্রতিটি ফৌজদারি অপরাধের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।প্রেস ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।সংবাদসূত্র: তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য ও সরবরাহকৃত তথ্য।